বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৭:১৭

গোপালগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

ছবি : বাসস

গোপালগঞ্জ, ২০ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলায় আজ প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মধ্যে সহায়ক উপকরণ হিসেবে ১৭টি হুইলচেয়ার, একটি ট্রাইসাইকেল ও একটি হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা. মো. আনিসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. আনিসুজ্জামান জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের কষ্ট লাঘবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং তাদের জন্য স্বাস্থ্যসেবা প্রদানও চলমান থাকবে।