শিরোনাম

ফেনী, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আজ শেষ হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ‘উন্নয়ন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যে ৩ দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে শহরের সালাউদ্দিন মোড় সংলগ্ন মরহুম খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় সেরা প্রজেক্ট উপস্থাপন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতান।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) শামীমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শফী উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শাহরিয়ার সজল ও আইসিটি অফিসার জুলকারনাইন চৌধুরী।
বিজ্ঞান অলিম্পিয়াডে কুইজ প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে ছাগলনাইয়া মৌলভী শামসুল করিম কলেজ প্রথম, মহিপাল সরকারি কলেজ দ্বিতীয় ও ফেনী সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করে। জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে, ফেনী সেন্ট্রাল হাইস্কুল, দ্বিতীয় হয়েছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয়েছে ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
মেলায় ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাব ৪৫টি স্টলে বিভিন্ন প্রজেক্ট উপস্থাপন করে বিজ্ঞান বিষয়ক কুইজ অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।