বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৩:২২

ফেনীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

ফেনীতে শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম আজ থেকে শুরু। ছবি: বাসস

ফেনী, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক। 

সিভিল সার্জন ডা. রুবাইয়াৎ বিন করিমের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফেনী পৌরসভার প্রশাসক রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাস্সুম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো.মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন, পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধন শেষে শিশুদের টিকা দেয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এসময় জেলা প্রশাসক নিজ নিজ এলাকার নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকাদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।

সিভিল সার্জন ডা. রুবাইয়াৎ বিন করিম জানান, আজ থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে টিকাদান কর্মসূচি চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে হামের টিকা দেয়া হবে।

জেলার ৬টি উপজেলায় ১ লাখ ৯৩ হাজার ৪২১ শিশুকে টিকা দেয়া হবে। এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২৮১৯২ জন ও কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার ২২৯ জন শিশু রয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সের টিকা নেয়া শিশুরাও এ  টিকা নিতে পারবে। 

তিনি জানান, জেলায় ১ হাজার ৯৮টি অস্থায়ী ও ৭টি স্থায়ী কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি অস্থায়ী কেন্দ্রে ২ জন টিকাদানকারী ও ৩ জন স্বেচ্ছাসেবী এবং স্থায়ী কেন্দ্রগুলোতে ১ জন টিকাদানকারী ও ১ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় সারাদেশের ন্যায় ফেনী জেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ১ ডোজ গজ টিকা প্রদান করা হবে। ১১ কর্মদিবস ব্যাপী এই কর্মসূচির প্রথম ৮ কর্মদিবস কমিউনিটি ও পরবর্তী ৩ কর্মদিবস শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। 

প্রতিটি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুদের ১ ডোজ গজ টিকা প্রদান করা হবে। যারা ইতিপূর্বে রুটিন ইপিআই টিকাদান কর্মসূচির আওতায় ২ ডোজ গজ টিকা নিয়েছে, তাদেরসহ ৬-৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচিতে ১ ডোজ গজ টিকা প্রদান করা হবে।