বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ২০:২৭

রাজশাহী জেলায় ২ লক্ষাধিক শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা

ছবি : বাসস

রাজশাহী, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজশাহী জেলায় ২ লক্ষাধিক শিশুকে হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

আগামীকাল থেকে সারাদেশে তৃতীয় ধাপে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়ে ১০ মে পর্যন্ত চলবে।

তৃতীয় ধাপের কর্মসূচিকে সামনে রেখে আজ জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী ২ লাখ ১ হাজার ৯৭৬ জন শিশুকে এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে।

কর্মসূচির প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রচারণা ও সমন্বয় সভা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম জানান, জেলার আটটি উপজেলায় ১ হাজার ৫৮৪টি আউটরিচ টিকাদান কেন্দ্র, ৫৭৩টি স্কুলভিত্তিক কেন্দ্র এবং ১০টি স্থায়ী কেন্দ্র রয়েছে।

তিনি জানান, প্রথম ধাপে শুরু হওয়া কর্মসূচির আওতায় গোদাগাড়ী উপজেলায় লক্ষ্যমাত্রায় থাকা ৩৭ হাজার ৯৫৪ জনের মধ্যে ৩৭ হাজার ৩৪৭ জন টিকা নিয়েছে। একইভাবে গোদাগাড়ী পৌরসভায় লক্ষ্যমাত্রা ৫ হাজার ৪৪৫ জনের বিপরীতে ৪ হাজার ৯৭৮ জন টিকা গ্রহণ করেছে।

সিভিল সার্জন বলেন, টিকাদান কর্মসূচি প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে এ কর্মসূচির আওতায় হাম-রুবেলা টিকার একটি ডোজ দেওয়া হবে। এতে তারা এ সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবে।

যেসব শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে হামের টিকা পেয়েছে, তারাও এ কর্মসূচির অংশ হিসেবে পুনরায় টিকা পাবে।

তিনি বলেন, কার্যকর সুরক্ষা নিশ্চিত করতে আমাদের লক্ষ্য হলো শতভাগ শিশুকে টিকার আওতায় আনা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপ-সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন এবং মেডিকেল অফিসার ডা. বায়েজিদ উল ইসলাম বক্তব্য রাখেন।