বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ২০:১৫

পঞ্চগড়ে হাম-রুবেলার টিকা পাবে ১ লাখ ৩৬ হাজার শিশু

ছবি : বাসস

পঞ্চগড়, ১৯ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভায় সোমবার থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা ক্যাম্পেইনে মোট একলাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশুকে টিকা দেয়া হবে। 

আজ রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান।

এ সময় হাম-রুবেলা রোগের বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাদমান সাকিব।

সংবাদ সম্মেলনে জানানো হয়, লক্ষ্যমাত্রা অনুযায়ী কোন শিশু যেন বাদ না পড়ে সেজন্য ২৬৪টি অতিরিক্ত টিম কাজ করবে এই ক্যাম্পেইনে। একহাজার ১০৯টি কেন্দ্রের মাধ্যমে এ টিকা প্রদান করা হবে। এসব টিকাদান কেন্দ্রে ১৪৩ জন টিকাদান কর্মী কাজ করবেন।