শিরোনাম

সিরাজগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : হাম প্রতিরোধে জেলায় ৩ লাখ ৯৪ হাজার ৩৯৬ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান কর্মসূচি শুরু হচ্ছে।
আজ রোববার বিকেল ৩ টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করা হয়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. নুরুল আমীন সংবাদ ব্রিফিংয়ে বলেন, আগামীকাল সোমবার সিরাজগঞ্জে শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। জেলায় মোট স্থায়ী টিকাদান কেন্দ্র ১৪ টি ও অস্থায়ী টিকাদান কেন্দ্র ২ হাজার ২৬৪টিতে কমিউনিটি পর্যায় ৩ লাখ ৩৮ হাজার ৪১৬ জন এবং স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৯৮০ জন মোট ৩ লাখ ৯৪ হাজার ৩৯৬ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২০ এপ্রিল থেকে ৩ মে যে কোন ৮ কর্মদিবসে কমিউনিটি ও ৪ মে থেকে ১০ মে যেকোন ৩ কর্মদিবসে স্কুল ক্যাম্পেইন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. নুরুল আমীন বাসস’কে বলেন, হাম-রুবেলা প্রতিরোধে জেলায় ৩ লাখ ৯৪ হাজার ৩৯৬ জন শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
তিনি বলেন, হাম একটি ভাইরাসজনিত অত্যন্ত সংক্রামক রোগ। একজন সংক্রমিত ব্যক্তি টিকাহীন জনগোষ্ঠীতে ১২ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে সক্ষম। একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা অন্যদের মধ্যে হাঁচি-কাশির মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগ নিউমোনিয়া, ডায়রিয়া, মস্তিষ্কের প্রদাহ হতে পারে।