শিরোনাম

ভোলা, ১৯ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ যৌথ অভিযানকালে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ রোববার কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার বেলা ১১টায় কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে ভোলা সদর উপজেলার চকবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই এলাকায় ২টি গোডাউন তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত ১৯ হাজার চারশ’ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় একলাখ ৩২ হাজার টাকা।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. আবুল কাশেম জানান, জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।