বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৭:২৭

নাটোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

ছবি : বাসস

নাটোর, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার ছয়টি উপজেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। 

আজ রোববার  দুপুরে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূইয়া নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, এই কর্মসূচির আওতায় জেলার ছয়টি উপজেলায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী এক লাখ ৪৪ হাজার ৪১৪ শিশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হবে। মোট দুই হাজার ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠান, আউটরিচ এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে একযোগে এই টিকা প্রদান করা হবে।

সিভিল সার্জন আরো বলেন, পূর্বে এক বা একাধিক হামের টিকা পেলেও ঐ শিশুকে অবশ্যই এই ক্যাম্পেইনের এক ডোজ টিকা গ্রহন করতে হবে। ক্যাম্পেইনের পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচীর আওতায় নয় মাস এবং ১৫ মাস বয়সে অবশ্যই হামের টিকা গ্রহন করতে হবে। তবে দুইটি টিকা গ্রহনের মধ্যে অবশ্যই ২৮ দিনের ব্যবধান থাকতে হবে।

উল্লেখ্য,গত ৫ এপ্রিল থেকে সদর উপজেলায় বিশেষ টিকাদান ক্যাম্পেইনের আওতায় এ পর্যন্ত ২৪ হাজার ৪৩০ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়েছে। আগামী ২৫ এপ্রিলের মধ্যে আরো চার হাজার ৪৯৫ জন শিশু এই টিকা গ্রহন করবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ নাটোর সদর উপজেলাসহ জেলার সাতটি উপজেলায় মোট এক লাখ ৭৩ হাজার ৩৩৯ জন শিশুকে এই টিকা প্রদান করা হচ্ছে।