বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৭:২৪

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংকসসহ ১ পাচারকারী আটক

ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংকসসহ একজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও বলেন, এ সময় সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৯ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৩৮ পিস ভারতীয় এনার্জি ড্রিংকসসহ ১ জন পাচারকারীকে আটক করা হয়।

সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত এনার্জি ড্রিংকস, পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।