শিরোনাম

ঝালকাঠি, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঝালকাঠিতে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সস্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাসন্ডা সেতু নির্মাণ, গাবখান সেতুর টোল প্লাজা স্থানান্তর, খাল খনন, খাদ্য ও কৃষি খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
জেলা প্রশাসক বলেন, পৌরসভার নিজস্ব বা খাস জমিতে পরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়ন করা উচিত। তবে এখন চাহিদা বিবেচনা করে অস্থায়ীভাবে ট্রাক স্টান্ড নির্মাণ করা যেতে পারে। তিনি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়ে বলেন, সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
তিনি বলেন, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সকল কার্যক্রম অবশ্যই আইন মেনে পরিচালনা করতে হবে। সড়ক বিভাগের জমি দখলমুক্ত রাখা, গাছ রোপণ এবং যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে জবাবদিহিতার মধ্যে থেকে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.আমানউল্লাহ সরকার, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান, জেলা প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান আরা, ব্যবসায়ী জয়ন্ত কুমার সাহা, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি টিপু সুলতান।
সভায় সকল উন্নয়ন কর্মকাণ্ডের মান বজায় রাখার আহ্বান জানানো হয়।