বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৬:২০

‘জ্বালানি চাহিদা মেটাতে বিকল্প জ্বালানি ব্যবস্থা অত্যন্ত জরুরি’

ছবি: বাসস

রাজশাহী, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব মোকাবিলায় দ্রুত বিকল্প জ্বালানি ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।

আজ রাজশাহী মহানগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম রাজশাহী এবং পরিবর্তন ফাউন্ডেশন এ পর্যবেক্ষণ তুলে ধরেছে।

সংগঠন দু’টি সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকারের কাছে ১৩ দফা সুপারিশ উপস্থাপন করেছে।

সংবাদ সম্মেলনে প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সহ-সভাপতি এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক অ্যাডভোকেট দিল সেতারা চুনি, সাধারণ সম্পাদক রাশেদ রিপন, সদস্য তৈয়বুর রহমান ও পঙ্কজ কুমার কর এবং জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল রাজোয়ার বক্তব্য রাখেন।

বক্তারা বরেন্দ্র অঞ্চলে সেচের জন্য সৌরশক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা অটো রিকশার জন্য চার্জিং স্টেশন স্থাপনে সরকারি উদ্যোগের দাবি জানান।

তারা আরো দাবি করেন, আসন্ন বাজেটে সৌরশক্তি যন্ত্রপাতিতে সম্পূর্ণ কর অব্যাহতি এবং দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে সৌর ব্যবস্থা সরবরাহ করতে হবে। 

মূল সুপারিশগুলোর মধ্যে রয়েছে— জ্বালানি খাতে জাতীয় ঐকমত্য গড়ে তোলা, নবায়নযোগ্য জ্বালানিতে কর প্রণোদনা দেওয়া, ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির দ্রুত বাস্তবায়ন, সৌরবিদ্যুৎ প্রকল্প দ্রুত অনুমোদন দেওয়া।

পরিবহন খাতে ইলেকট্রিক যানবাহনকে অগ্রাধিকার দেওয়া এবং সৌরবিদ্যুৎ চালিত সেচ ব্যবস্থা সম্প্রসারণেরও সুপারিশ করেছেন তারা।