বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৫:৩০

রংপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রংপুর, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : রংপুর নগরী ও জেলার পীরগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। 

আজ রোববার সকালে এ দুর্ঘটনা দু’টি ঘটে।

নগরীর আইডিয়াল মোড় সংলগ্ন মহাসড়কে  বাসচাপায় জুয়েল হোসেন (২৯) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। অপরদিকে পীরগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ও পীরগঞ্জ থানা পুলিশ।

জুয়েল নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। জুয়েল শাপলা আদর্শপাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, জুয়েল হোসেন মোটরসাইকেল নিয়ে টার্মিনাল থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন। তার মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কে পরে যায়। এমন সময় অজ্ঞাত বাস জুয়েলকে চাপা দেয়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়।

অপরদিকে, রহিম পীরগঞ্জ থেকে মিঠাপুকুরে যাওয়ার পথে পিছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। রহিম পীরগঞ্জের চতরা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ও পীরগঞ্জ থানার ওসি বাসস’কে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।