শিরোনাম

ঝিনাইদহ, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা থেকে পড়ে তৈয়ব আলী (৩৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ রোববার বেলা ১১ টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত তৈয়ব আলী সদর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পোস্ট অফিস মোড়ে একটি পাঁচতলা ভবনের চার তলার বাইরের দিকের দেয়ালে রঙের কাজ করার সময় ভবনের দেয়ালের দিক দিয়ে টানানো ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে তৈয়ব আলীর স্পর্শ হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার তলা ভবন থেকে নিচে পড়ে যান তিনি৷ এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুজ্জামান সজীব বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তৈয়ব আলীর মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি সামসুল আরেফিন বাসসকে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।