বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৭:৫০

গাজীপুরে ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ শিশুকে হামের টিকা দেয়া হবে 

ছবি : বাসস

গাজীপুর, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় এবার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী তিনলাখ ৮১ হাজার ৭৬৮ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে গাজীপুর সিভিল সার্জন অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়। এ সময় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর লক্ষ্য, প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। 

সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. সাবরিনা মোহনা। এ সময় ডা. রুবানা আফসান, ডা. জাসেম ফারহান প্রমুখ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জেলায় মোট ৯৩৬টি কমিউনিটি এবং ২৩৪টি বিদ্যালয়ভিত্তিক টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের হামের টিকা দেয়া হবে।