বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৭:৩৬

মাদারীপুরে দু’টি খালের পুনঃখনন কাজ শুরু 

মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলায় আজ মোট সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ দু’টি খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। ছবি: বাসস

মাদারীপুর, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার ডাসার ও কালকিনি উপজেলায় আজ মোট সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ দু’টি খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে। 

আজ শনিবার সকালে ডাসার ও কালকিনি উপজেলায় পৃথকভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দু’টি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। 

উভয় অনুষ্ঠানে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল রানা, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব খাল পুনঃখনন করা হচ্ছে। এর মধ্যে ডাসার উপজেলার দক্ষিণ ভাউতলী এলাকায় খলিলের বাড়ি থেকে পাথুরিয়াপাড়া বাচ্চু তালুকদারের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। অপরদিকে কালকিনি উপজেলার মধ্যচর এলাকায় জালাল হাওলাদারের বাড়ি থেকে লতু খানের বাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল পুনঃ খনন করা হবে। 

আনিসুর রহমান তালুকদার খোকন এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক ও শ্রমজীবী মানুষের উন্নয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করছেন। প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক ইতোমধ্যে বাস্তবায়িত হচ্ছে। দেশের সার্বিক উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।