শিরোনাম

নওগাঁ, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে জেলার সদর উপজেলায় আজ ২ টি খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার েদুপুরে উপজেলার হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিলে ফলক উন্মোচনের মধ্য দিয়ে পুন:খনন কর্মসূচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এরপর আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
উদ্বোধন শেষে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, প্রায় ৫৫ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি প্রণয়ন করেছিলেন। আমরা সেই সময় দেখেছি খাল খননের মাধ্যমে বাংলাদেশের সবুজ বিপ্লব হয়েছিল। দীর্ঘদিন পর তারই সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বিশ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, সদর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন করে শুষ্ক মৌসুমে কৃষকরা উপকৃত হবেন অন্যদিকে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া দেশীয় মাছের চাহিদা পূরণ হবে।
সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় হাসাইগাড়ী ইউনিয়নের হামরার বিল থেকে কৃষ্ণপুর পর্যন্ত ২ হাজার ৪০ মিটারের একটি খাল খননের ব্যয় ধরা হয়েছে ৯০ লাখ টাকা। এছাড়া বক্তারপুর ইউনিয়নের শ্যামপুর থেকে হরিপুর হয়ে কালুপাড়া বিল পর্যন্ত ১ হাজার ২০০ মিটারের আরো একটি খাল খননের ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা। ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ২ টি খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন ইসলাম বিন দোহা প্রমুখ।