বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৬:১৮

সাতকানিয়ায় মাটি খননযন্ত্র ও ট্রাক জব্দ

ছবি: বাসস

চট্টগ্রাম, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সাতকানিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি খননযন্ত্র ও তিনটি ডাম্প ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সকালে সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশার নাপিতের চর এবং কালিয়াইশের মৌলভীর দোকান এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয় ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাপিতের চর ও মৌলভীর দোকান এলাকায় কৃষিজমির মাটি কেটে ইটভাটায় নেওয়া হচ্ছেÑ এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের খবর পেয়ে মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযানকালে নাপিতের চর এলাকায় একটি খননযন্ত্র ও তিনটি ডাম্প ট্রাক এবং মৌলভীর দোকান এলাকায় দু’টি খননযন্ত্র পাওয়া যায়। পরে আনসার সদস্যদের সহায়তায় এসব যানবাহন জব্দের পর বিকল করে দেওয়া হয়।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় নেওয়ার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে ব্যবহৃত তিনটি খননযন্ত্র ও তিনটি ডাম্প ট্রাক জব্দ করে বিকল করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।