বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৫:৫২

খুলনায় আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টার উদ্বোধন

শুক্রবার খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা মহানগরীতে জনস্বার্থমুলক কার্যক্রমের অংশ হিসেবে আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টার উদ্বোধন করা হয়। ছবি: বাসস

খুলনা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস): মহানগরীতে জনস্বার্থমুলক কার্যক্রমের অংশ হিসেবে আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার খুলনার শহীদ হাদিস পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জার্মানি দাতা সংস্থা ব্রিজ অফ লাইটের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে এ্যাডামস ফাউন্ডেশন, কুয়েট এবং জাপানের রিটসুমেকান ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে উদ্ভাবিত ৩০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, জার্মানি দাতা সংস্থা ব্রিজ অফ লাইট দীর্ঘ ৪০ বছর যাবত এ্যাডামস ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশে নানা ধরনের জনকল্যাণমুলক প্রকল্পে অর্থায়ন করছে। এসব কাজের মধ্যে রয়েছে যুব সমাজের কারিগরি কাজের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য কলাকৌশল বাস্তবায়ন, মানবাধিকার ও নাগরিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন প্রকল্প ‘কমিউনিটি ফোরাম’ এবং সিডর, আইলা ও করোনাকালীন দুর্যোগে সহায়তা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান ও চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হামিদুল বারী, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, ব্রিজ অফ লাইটের ব্যবস্থাপনা পরিচালক হলগার ট্রিচো, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি ফোরামের ট্রাস্টি মোহাম্মদ মনিরুজ্জামান মনি ও কমিউনিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুজ্জামান। 

অনুষ্ঠানে এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস. এম. আলী আসলাম সভাপতিত্ব করেন। দাতা সংস্থার প্রয়াত প্রতিষ্ঠাতা ফ্রিদেল ক্লিপ ও মেথিলডে ফন লুনিনিক ক্লিপ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ, যুব ফোরামের সদস্যবৃন্দ, এ্যাডামস ফাউন্ডেশনের আরবান হেলথ কেয়ার প্রকল্প , জলবায়ু প্রকল্প ও অন্যান্য প্রকল্পের কর্মকর্তা ও কর্মীবৃন্দ অংশ নেন।