শিরোনাম

মাগুরা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসন, মাগুরার সহযোগিতায় পাঁচ দিনব্যাপী ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ কর্মসূচির আজ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন এমএসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। এই অনুষ্ঠানের মাধ্যমে ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলমান প্রশিক্ষণের আনুষ্ঠানিক সূচনা হলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি’র বক্তব্যে মো. ওবায়দুর রহমান বলেন, বর্তমান বিশ্বে ফ্যাশন শিল্প একটি সম্ভাবনাময় খাত, যেখানে দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
তিনি বলেন, সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিল্প সচিব আরও উল্লেখ করেন, প্রশিক্ষণ প্রাপ্তরা যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, সে বিষয়ে সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাগুরার তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি বলেন, ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু চাকরির সুযোগই নয়, বরং নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাশন ডিজাইন খাতে দক্ষ জনশক্তি তৈরি ও তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক ফ্যাশন ডিজাইন, পোশাক নকশা ও সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করে ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।