শিরোনাম

ফেনী, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় নাঈম (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালক মো. ইব্রাহিম (৩২) গুরুতর আহত হন।
আজ ভোরে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর ৬টার দিকে কসকা এলাকায় ক্যামিক্যাল ভর্তি একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের পেছনে টিন বোঝাই দ্রুতগতির আরেকটি ট্রাক ধাক্কা দেয়। ট্রাকটি উল্টে গিয়ে ঘটনাস্থলে হেলপার নাঈম মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। নিহত নাঈম যশোর জেলার নোয়াপাড়া থানার বাসিন্দা। আহত ইব্রাহিম ঢাকার সাভারে দরফ পাঁজা ঘাট এলাকার সামার উল্লাহর পুত্র।
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. রোকন উদ-দৌলা বলেন, আহত ইব্রাহিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মো. শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত নাঈমের লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।