বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৩:৩৪

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

ছবি : বাসস

নীলফামারী, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সৈয়দপুর উপজেলায় মজুতকৃত সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে উপজেলার বাইপাস সড়কে রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন একটি গুদামে অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল উদ্ধার করে উপজেলা প্রশাসন। এই ঘটনায় জড়িত ৭ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন রাত ২টার দিকে আটক ব্যক্তিদের জরিমানা করেন। পরে জব্দকৃত জ্বালানি তেল ভোর ৪টার দিকে শহরের একটি ফিলিং স্টেশনে পরিমাপ শেষে ৪ লাখ ৯৩ হাজার ৪০৭ টাকায় বিক্রি করা হয়। পরে ওই টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র বাসস’কে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে পুলিশসহ অভিযানে নামেন সৈয়দপুর উপজেলা প্রশাসন। অভিযানে শহরের বাইপাস সড়কের ধলাগাছ মোড়ের কাছে মেসার্স রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের গুদামে জ্বালানি তেল মজুত ও ড্রামে করে অন্যত্র সরানোর কাজে জড়িত ৭ জনকে আটক করা হয়। জব্দকৃত ৪ হাজার ৫০৫ লিটার জ্বালানি তেলের মধ্যে রয়েছে ৩ হাজার ৯১৭ লিটার পেট্রোল, ৩৩৮ লিটার ডিজেল ও ২৫০ লিটার অকটেন। 

আটক ব্যক্তিরা হলেন, মেসার্স রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের মালিক সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০), সিরাজগঞ্জের শাহাজাদপুরের সাগর হোসেন (৩৫), জাহাঙ্গীর আলম (৩৪), আলমিদ শেখ (২৪), ঠাকুরগাঁওয়ের রুহিয়ার মেরাজ আলী (৪০), সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার সিরাজ মিয়া (২৫) ও হাতিখানার মঈন উদ্দিন (৪৮)। 

অভিযান শেষে রাত ২টায় ভ্রাম্যমাণ আদালত গ্যাস ফিলিং স্টেশনের মালিক রফিকুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদ- এবং অন্য ৬ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ দিনের কারাদ- প্রদান করা হয়।

সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিৎ করে বলেন, জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।