শিরোনাম

নেত্রকোণা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নেত্রকোণা পুলিশ লাইন্সে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
ব্রিফিংকালে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে।
তিনি নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনাসমূহ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন।
আগামী ১৮, ১৯ ও ২০ এপ্রিল প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র যোগ্য, শারীরিকভাবে ফিট এবং মেধাবীদের দেশসেবার ব্রতে পুলিশ বাহিনীতে নিয়োগ নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর বলে সভায় জানানো হয়।
ব্রিফিং প্যারেডে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ।
এছাড়াও নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) মো. গোলাম মোস্তফা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ফাইয়াজ সার্জিল ও মায়িশা ফান্নানা এবং নিয়োগ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।