বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৪

সিইউএফএল কারখানায় চোরাই ক্যাবলসহ এক শ্রমিক আটক 

চট্টগ্রাম (দক্ষিণ), ১৮ এপ্রিল ২০২৬ (বাসস): চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এর কারখানায় চোরাই ক্যাবলসহ শিমুল(২৫) নামের এক শ্রমিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটক ব্যক্তি লিবার্টি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত। শিমুলের বাড়ি পিরোজপুর জেলায়। 

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কারখানার গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

সিইউএফএল সিকিউরিটি অফিসার আব্দুর রব মাঝি বলেন, শিমুল ডিএফসিএল গেইট দিয়ে কারখানায় প্রবেশ করেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে কারখানার বেশ কিছু ক্যাবল জব্দ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা অভিযোগ করেন, এর আগেও কারখানায় চুরির ঘটনা ঘটেছে। বিভিন্ন প্ল্যান্ট থেকে লক্ষাধিক টাকার ক্যাবল চুরির অভিযোগ রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান বলেন, বিষয়টি জানার পরই আইনগত ব্যবস্থা নিতে এবং অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।