বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ২১:১৮

লালমনিরহাট সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

ছবি : বাসস

লালমনিরহাট, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানকালে জিরা, চিনি, তেল প্রভৃতি ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যেও ভিত্তিতে শুক্রবার ভোর সোয়া ৫টায় শিমুলবাড়ী বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বানিয়াটারী এলাকায় এবং বৃহস্পতিবার দুপুরে মোগলহাট বিওপির আওতাধীন চওরাটারী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক কয়েকজনকে আসতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় জিরা ১৬ কেজি, ১০ কেজি চিনি ও ৬ কেজি তিনশ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এরআগে, বুধবার বিকালে অনন্তপুর বিওপির আওতাধীন ফুলবাড়ী উপজেলার অনন্তপুর এলাকায় টহলদল একটি ড্রামভর্তি ডিজেল তেল পরিবহনের বৈধ কাগজপত্র না পাওয়ায় ৭৫ লিটার ডিজেল তেল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য আনুমানিক ৪৩ হাজার ৪৫০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।