বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ২০:২৭

সাতক্ষীরায় অস্ত্র ও গোলাবারুদসহ দয়াল বাহিনীর এক সদস্য আটক

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এসময় জব্দ করা হয়েছে দু’টি একনালা বন্দুক ও ৯ রাউন্ড গুলি। শুক্রবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 

এর আগে সকালে সুন্দরবন শ্যামনগর উপজেলার হোগলডরা খাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ডাকাতের নাম তরিকুল (৩৫)। সে খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার হোগলডরা খাল সংলগ্ন এলাকায় ডাকাতি করার জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল কর্তৃক ডাকাতদের ধাওয়া করে দু’টি একনলা বন্দুক, ৯ রাউন্ড গুলিসহ কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুলকে আটক করা হয়।

তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।