শিরোনাম

পাবনা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের শংকরপুর এলাকায় রত্নাই নদীর প্রায় ১০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের আজ উদ্বোধন করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। শুক্রবার বেলা ১১টায় তারা মসজিদ সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খনন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম রাব্বানী কামনা, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপি’র য়ুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, নূর মোহাম্মদ মাছুম বগা, বিএনপি’র নেতা-কর্মী, ঠিকাদার, কৃষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল।
উদ্বোধনী বক্তব্যে শিমুল বিশ্বাস প্রশাসনের সকল কর্মকর্তাকে দলমতের ঊর্ধ্বে থেকে সকল নাগরিকের অধিকার ও সেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক নেতা-কর্মীদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সকল শক্তির সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, সরকারের চলমান খাল পুনঃখনন কর্মসূচি জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন অবহেলায় খালটি জবরদখল ও ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছিল। দখলমুক্ত খালগুলো এখন পুনঃখনন করা হলে এলাকার কৃষি ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।