বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১৮:৪১

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শালবাগান নামক স্থান হতে ভারতীয় পাতার বিড়ি, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার মাজেদারখাল নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ  ও আগরবাতি জব্দ করে। এছাড়া ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হঠাৎগঞ্জ নামক স্থান হতে ভারতীয় পাতার বিড়ি ও ব্যাগ জব্দ করে।

জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ৯৬ হাজার টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।