শিরোনাম

কুমিল্লা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ সদর দক্ষিণ উপজেলার দুইহাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হয়।
আজ শুক্রবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে আয়োজিত বীজ ও সার বিতরণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ে সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোনায়েদ কবির খান।
অনুষ্ঠানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা, উপজেলা কৃষকদল সভাপতি কাজী গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মেসবাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী এমপি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছেন। বর্তমান সরকারের আমলে কৃষি খাতের ব্যাপক অগ্রগতি হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার দেয়া হয়েছে।