বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১৮:৩৯

নাটোরে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

নাটোর, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সিংড়ায় পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার বড় আদিমপুর গ্রামে বিয়োগান্তক এই দূর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম হোসেন (১৩) এবং তামিম হোসেন (১২) বগুড়ার শেরপুর থানাধীন শাহজাহানপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে। তারা তাদের মায়ের সাথে বড় আদিমপুর গ্রামে নানার বাড়িতে বসবাস করছিল। 

ফাহিম হোসেন বিয়াস বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র এবং তামিম হোসেন বিয়াস মাবিয়া মোড়ে নুরানী মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।  

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বাসস’কে জানান, দুপুরে দুই ভাই বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বেলা ২টার দিকে দুই ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।