শিরোনাম

রাজবাড়ী, ১৭ এপ্রিল,২০২৬ (বাসস) জেলায় ১ লাখ ২৩ হাজার ৮৭১ শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকাদানের লক্ষ্যে জেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন এ তথ্য জানান।
জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেন, সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জেন অফিসের এম ও সি এস ডা. সোহেল শেখ, এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন, ই পি আই সুপারিনটেনডেন্ট মো. কামাল হোসেন।
সভায় জানানো হয়, ২০ এপ্রিল এই টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ লাখ ২৩ হাজার ৮৭১ শিশুকে এমআর টিকা দেয়া হবে। ৫ উপজেলার ৪ টি ও ১টি পৌরসভার স্থায়ী ক্যাম্পে এবং ১১১৭ টি অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়েছে।