বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৩:০১

চাঁদপুরের মেঘনায় জাটকা ধরার অপরাধে ২২ জেলে আটক

ছবি: বাসস

চাঁদপুর,১৭ এপ্রিল, ২০২৬( বাসস):  চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। 

এর মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, একজন অসুস্থ হওয়ায় ৫০০টাকা জরিমানা এবং বাকী ৬জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকালে  এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন,গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সদরের অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় পাঁচটি মশারী জাল ও পাঁচটি মাছ ধরার নৌকা।

তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ আদালতে এক জেলেকে ৩ মাসের কারাদণ্ড, ৩ জনকে ২১ দিন করে কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, একজন ক্যান্সারের রোগী হওয়ায় তাকে ৫০০টাকা জরিমানা এবং ১০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করে। বাকি ৬জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।