বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ২০:৫৭

নওগাঁয় নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারী সমাবেশ

নওগাঁর মান্দা উপজেলায় নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নারী সমাবেশ’ আজ অনুষ্ঠিত। ছবি: বাসস

নওগাঁ, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার মান্দা উপজেলায় নারী উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘নারী সমাবেশ’ আজ অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত বহুমুখী প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ এ সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা এবং স্বাগত বক্তব রাখেন জেলা তথ্য কর্মকর্তা বোরহান আহমেদ।

প্রধান অতিথি’র বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘নারীরা আজ আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্ব সব ক্ষেত্রেই তারা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ নারীর জন্য গাড়ি, কৃষি ঋণ, ক্ষুদ্র ঋণ, ফ্যামিলি কার্ডসহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি নারীদের স্বাবলম্বী করে তুলছে।’

তিনি আরও বলেন, ‘একটি উন্নত বাংলাদেশ গড়তে নারীর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। মাদক, বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে নারীদের এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। নারীরা যদি সচেতন হন, তাহলে সমাজ বদলাতে বেশি সময় লাগবে না।’

অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

জেলা তথ্য অফিস আয়োজিত এবং আইওরপাড়া উচ্চবিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।