বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ২০:৪৯

মাগুরায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মাগুরায় আজ ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক। ছবি: বাসস

মাগুরা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় আজ ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের নোমানী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. শান্তুনু চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. শামীম কবীর, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন, মাগুরা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী শামসুজ্জামান এবং জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) প্রদ্যুত কুমার দাস।

প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া কোনো দেশ টেকসই অগ্রগতি অর্জন করতে পারে না। তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারায় গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও প্রযুক্তি নির্ভর শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে।’ তিনি আরও বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. শান্তুনু চৌধুরী বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে সহায়ক। তিনি বিজ্ঞানভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, প্রযুক্তি নির্ভর সমাজ গঠনে তরুণদের ইতিবাচকভাবে প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে এবং বিজ্ঞানকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বিজ্ঞানচর্চা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তা-ভাবনার বিকাশ এবং শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান প্রদর্শনী, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।