বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ২০:৩১

চাঁদপুরে জাটকা ধরায় ৯ জনের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আজ ১৬ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

চাঁদপুর, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার পদ্মা মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় আজ ১৬ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

কারাদ-প্রাপ্ত জেলের হলেন- বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬),  হেকমত আলী (২৫),  রহমত উল্লাহ (৩০),  আবুল বাশার গাজী (৪৫), মো. জাহিদ (১৮), মো. ছলেমান গাজী (১৮), রবিউল (১৮)। এদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।

মিজানুর রহমান বাসস’কে বলেন, দুপুর ১২টা হতে বিকাল ৫টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬ জন অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক করা হয়। এসময় ৪টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা, একটি বেহুন্দী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে ফেলা হয়।

সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী, কোস্ট গার্ড সিসি কামরুল ইসলামসহ তার টিম ও নৌপুলিশ টীমসহ সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করেন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।

তিনি মোবাইল কোর্টে ২ জনকে ৩ মাসের জেল ও ৫শ’ টাকা করে জরিমানা, ৩ জনকে ১ মাসের জেল ও ৫শ’ টাকা জরিমানা, ৩ জনকে ১৫ দিনের জেল ও ২শ’ টাকা করে জরিমানা এবং ১ জনকে ১৫ দিনের জেল ও ৫শ’ টাকা জরিমানা করেন।