শিরোনাম

চট্টগ্রাম (দক্ষিণ), ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বোয়ালখালীতে ২৭ হাজার শিশুকে হাম-রুবেলা (এম.আর) টিকাদানের লক্ষ্যে উপজেলা কো-অর্ডিনেশন সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে ও আরএমও ডা. সুফিয়ান সিদ্দিকীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তৌফিকুল ইসলাম ও ডা. তোফায়েল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, এস এম মোদ্দাচ্ছের, মো. মহিউদ্দিন প্রমুখ।
সভায় জানানো হয়, ২০ এপ্রিল এই টিকাদান কর্মসূচির উদ্বোধনী দিনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪শ’ শিশুকে এমআর টিকা দেয়া হবে। উপজেলায় ১টি স্থায়ী ও ২৪০টি অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। একই সাথে ৩০টি ওয়ার্ডে ৩০টি টিম কাজ করবে।
আগামী ১০ মে পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়েছে।