বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ২০:২১

নারায়ণগঞ্জে সাড়ে ৩ লাখ শিশু হাম-রুবেলার টিকা পাবে

ছবি : বাসস

নারায়ণগঞ্জ, ১৬ এপ্রিল,২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে প্রায় সাড়ে ৩ লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মুহম্মদ মুশিউর রহমান।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও একযোগে এই বিশেষ কর্মসূচি শুরু হবে। জেলা পরিষদভুক্ত এলাকায় ১২ দিন এবং সিটি করপোরেশন এলাকায় ১৪ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে।

সিভিল সার্জন জানান, ক্যাম্পেইন চলাকালে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনা হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে অনুসন্ধানের পাশাপাশি কমিউনিটি পর্যায় ও নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল ইসলাম।

সভায় জানানো হয়, টিকাদান কার্যক্রম সফল করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম সুশৃঙ্খল করতে ইসলামিক ফাউন্ডেশন ও তথ্য অফিসের সক্রিয় সহযোগিতা চাওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বাসস’কে বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।