শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : টেকনাফে মোতায়েনকৃত বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট পৃথক দুইটি অভিযান চালিয়ে ৭২ হাজার পিস ইয়াবা, ১১ হাজার কিয়াত (মিয়ানমারের মুদ্রা) উদ্ধার এবং দুইজন মাদককারবারিকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ নৌবাহিনীর একটি অভিযানিক দল টেকনাফের সাবরাং ইউনিয়নস্থ নয়াপাড়া এলাকায় মাদক জব্দ ও অপরাধ দমনের লক্ষ্যে অভিযান চালায়।
অভিযানকালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নূর মোহাম্মদ ও হামিদ হোসেন নামে দুইজনকে আটক করা হয়।
আটককৃত মাদককারবারিদের তথ্যের ভিত্তিতে একটি বাড়ি তল্লাশি করে মাটির নিচে অভিনব কায়দায় পুঁতে রাখা বক্স থেকে ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
এদিকে একই ইউনিয়নস্থ অন্য একটি অভিযানে শাহ্ পরীর দ্বীপ এলাকায় নোঙর করা ইঞ্জিন চালিত একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা বিভিন্ন গোপন কম্পার্টমেন্ট থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল এবং ১১ হাজার মিয়ানমারে মুদ্রা কিয়াত উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকসহ অন্যান্য মালামাল এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।