বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৯:০২

শেরপুরে ২০ এপ্রিল থেকে শুরু হবে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ছবি: বাসস

শেরপুর, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে জেলার ৫টি উপজেলায় ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

এসময় তিনি জানান, জেলায় এখন পর্যন্ত মোট ৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও হাম পজেটিভ আসেনি।

এছাড়া বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছে।

সিভিল সার্জন আরও জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত শেরপুর জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ১৮ হাজার ৬২১ জন শিশুসহ সর্বমোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৩৩৫টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। ক্যাম্পেইন চলাকালে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। আগে টিকা পেয়ে থাকলেও এই বয়সের সব শিশুকে এই ক্যাম্পেইনের সময় ১ ডোজ (এমআর) হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ৬ মাস অর্থাৎ ১৮০ দিন পূর্ণ হলে এবং ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে হাম-রুবেলার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেল।

পরে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি প্রমুখ।