বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৩

বিপিসি ও সহযোগী প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে কর্মকর্তা রদবদল

চট্টগ্রাম, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও এর অধীনস্থ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানে শীর্ষ পর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। এতে সাতজন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসি’র চট্টগ্রামের প্রধান কার্যালয়ের সচিব শাহিনা সুলতানার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক স্বার্থ ও জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই রদবদল কার্যকর করা হয়েছে।

আদেশে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বিপিসির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউসুফ হোসেন ভূঁইয়াকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মো. আমীর মোহাম্মদকে এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

বিপিসি’র ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (নিরীক্ষা) মো. আবুল কালাম আজাদকে স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী মাসুম হিমেলকে বিপিসির মহাব্যবস্থাপক (বিতরণ ও বিপণন বিভাগ) হিসেবে ফিরিয়ে আনা হয়েছে।

বিপিসি’র বাণিজ্যিক ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদকে অর্থ বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিপিসি চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহিদ হোসেনকে বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্ব দেয়া হয়েছে।

বিপিসি’র মহাব্যবস্থাপক (অর্থ) হিসেবে চলতি দায়িত্বে থাকা মো. জাহাঙ্গীর কবিরকে মহাব্যবস্থাপক (নিরীক্ষা) পদে চলতি দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে।

অফিস আদেশে আরও জানানো হয়, বদলিকৃত কর্মকর্তাদের ১৬ এপ্রিল বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন অপরাহ্নেই তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতেই এই রদবদল করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।