বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৩৩

বরিশালে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে মতবিনিময় সভা 

ছবি : বাসস

বরিশাল, ১৬ এপ্রিল, ২০২৬(বাসস) : বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ও আন্তর্জাতিক সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে  আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ‘ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ (সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা) বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিসিসি প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, বরিশালকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা অন্যতম প্রধান অগ্রাধিকার। সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নগরীর বর্জ্য সমস্যা সমাধানের পাশাপাশি সম্ভাবনাময় সম্পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমরা খুব দ্রুত এ লক্ষ্যে বাস্তবমুখী কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করছি। এছাড়া পরিবেশ উন্নয়নের লক্ষ্যে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা ও খোলা স্থানে ময়লা ফেলা বন্ধ করার পাশাপাশি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপনের বিষয়েও নানা ধরণের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

সভায় নগরীর ক্রমবর্ধমান বর্জ্যকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হয়। এছাড়া উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ, পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার পাশাপাশি বর্জ্যকে সম্পদে রূপান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়। জৈব বর্জ্য থেকে সার উৎপাদন এবং প্লাস্টিক বর্জ্য পুনঃব্যবহার বা জ্বালানিতে রূপান্তরের বিষয়টিও গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।

সভায় বিসিসির প্রশাসকের সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দারসহ ঝালকাঠি পৌরসভার প্রশাসক, বিসিসির স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।