বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৮:২৯

গোপালগঞ্জে চাকরির মেলা অনুষ্ঠিত

ছবি : বাসস

গোপালগঞ্জ, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে চাকরির মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ ‘এসেট’ প্রকল্পের অর্থায়নে বৃহস্পতিবার গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

সকাল ১০টায় প্রতিষ্ঠানের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। পরে জেলা প্রশাসক কলেজ চত্ত্বরে ফিতা কেটে চাকরির মেলার উদ্বোধন করেন এবং মেলায় অংশ নেওয়া ১১টি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

এসময় তিনি চাকরিপ্রত্যাশী যুবক ও স্টল প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম মৃধা এবং ঢাকার দোহারের জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আইয়ুবুর রহমান।

আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল হক বলেন, ‘দেশের বেকার সমস্যা সমাধানে এবং দক্ষ জনশক্তিকে সরাসরি শিল্পের সাথে যুক্ত করতে এ মেলার আয়োজন করা। মেলায় ১১টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়ে চাকরি প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করছে। তাদের যোগ্যতা যাচাই করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’
এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন।