শিরোনাম

দিনাজপুর, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার ১৩টি উপজেলায় পাট ও আউশ ধান চাষে ২০ হাজার কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার কৃষি প্রণোদনা হিসাবে বিতরণ কার্যক্রম আজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।
তিনি বলেন, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত জেলার ১৩টি উপজেলায় তালিকাভুক্ত ২০ হাজার প্রান্তিক কৃষকের মাঝে আউশ ও পাট চাষের জন্য প্রণোদনা হিসাবে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, চলতি অর্থবছরে পাট ও আউশ ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। প্রতি কৃষকের জমির পরিমাণ ৩৩ শতক অর্থাৎ এক বিঘা জমিতে পাট বা আউশ ধান চাষের জন্য এই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
জেলায় ১৩টি উপজেলায় ১২ হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। তিনি বলেন, জেলায় এবারে আউশ ধান চাষে আউশ ধানের উন্নত জাত ব্রি ধান-৪৮ ও ব্রিধান-৯৮ সহ মোট ৬০ মেট্রিক টন এবং ডিএপি সার ১২০ মেট্রিক টন ও এমওপি ১২০ মেট্রিক টনসহ মোট ২৪০ মেট্রিক টন সার বিতরণ করা হয়।
এছাড়া জেলার ১৩টি উপজেলায় একই প্রদ্ধতিতে ৮ হাজার প্রান্তিক কৃষকের মাঝে তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ১ কেজি উন্নত জাতের পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সর্বমোট ৮ মেট্রিক টন উন্নত জাতের পাট বীজ এবং ৩০ মেট্রিক টন ডিএপি ও ৩০ মেট্রিক টন এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
আজ দুপুরে সর্বশেষ জেলার বিরল উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতারের সভাপতিত্বে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপসহকারী কৃষি অফিসার এ এস এম হানিফ, রুথমিলা হামিদ ঋতু, চন্দন অধিকারীসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উপজেলায় ৩০ জন কৃষকের প্রত্যেককে পাট চাষের জন্য পাট বীজ-১ কেজি, ডিএপি-৫ কেজি ও এমওপি- ৫ কেজি এবং আউশ ধানের জন্য ১ হাজার ৫০ কৃষকের মাঝে জনপ্রতি আউশ ধান বীজ- ৫ কেজি, ডিএপি-১০ কেজি ও এমওপি- ১০ কেজি বিতরণ করা হয়েছে।