শিরোনাম

হবিগঞ্জ, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় প্রায় ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় এসব টিকা দেয়া হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি জেলায় ১০৩ জন শিশুর মধ্যে হাম-রুবেলা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে মাত্র ৭ জনকে শনাক্ত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জানায়, নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে ৫ বছরের নীচের শিশুদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এরমধ্যে ৩২ হাজার ৯৭০ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছে।
কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলায় ১ হাজার ৯১৩টি অস্থায়ী এবং ১১টি স্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া ২৫২ জন টিকাদানকারী, ২৫২ জন সুপারভাইজার এবং ৫০৪ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস ও ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, মো. ফজলুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।