শিরোনাম

রাজবাড়ী, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলায় নানা আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ বৈশাখী মেলার দ্বিতীয় দিনে গতকাল বুধবার বিকেল ৫টায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
তরুণ প্রজন্মের কাছে গ্রামীণ বাংলার ঐতিহ্যকে পরিচিত করানোর লক্ষ্যে রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে মাঠে এ খেলার আয়োজন করা হয়। খেলা শেষে সংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আফরোজা পারভিন।
সভায় প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায় বলেন, গ্রামবাংলার সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং টিকিয়ে রাখার লক্ষ্যেই মূলত এ ধরনের লোকজ খেলার আয়োজন করা হয়েছে। এ উৎসব সামাজিক বন্ধন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে বলে মনে করি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক।
এ অনুষ্ঠানে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।
সদর উপজেলার ২৮ কলোনী এলাকার আব্দুল খালেকের লাঠিয়াল বাহিনী এবং সিরাজগঞ্জের আব্দুস শুকুরের লাঠিয়াল বাহিনী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ঢোলের তালে তালে পরিবেশিত লাঠি চালনার চোখ ধাঁধানো প্রদর্শনী দেখতে দর্শকরা সমবেত হয়েছিলেন। দক্ষ লাঠিয়ালরা তাদের প্রাণবন্ত পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন।
সিরাজগঞ্জের শুকুর আলীর লাঠিয়াল বাহিনীর প্রধান শুকুর আলী বলেন, ১৯৭০ সাল থেকে এই লাঠি খেলা খেলছি। এখনো খেলার কথা শুনলে মনে তীব্র আগ্রহ সৃষ্টি হয়।