বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৭

নাটোরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে চলচ্চিত্র প্রদর্শনী

ছবি : বাসস

নাটোর, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় সদর উপজেলার ব্রক্ষ্মপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় এ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

জেলা তথ্য কর্মকর্তা মো. আ. আওয়াল বাসসকে বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অফিস নিয়মিত নারী সমাবেশ, কমিউনিটি সভা এবং সংগীত ও চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করে যাচ্ছে।

ফ্যামিলি কার্ড, কৃষি ঋণ মওকুফ ও কৃষক কার্ড, হেলথ কার্ড, মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান, খাল খনন এবং বৃক্ষরোপণ ইত্যাদি বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এছাড়াও হামের টিকা গ্রহণ, ডেঙ্গু প্রতিরোধ, গুজব ও অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার ব্যাপারে সমবেত ব্যক্তিদের সাথে মতবিনিময় করা হয়।