বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ২০:২৯

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা (দক্ষিণ), ১৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে একটি মাইক্রোবাস সহ বিপুল পরিমান ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।

আজ বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার ভোররাতে জেলার আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানকালে সীমান্ত থেকে প্রায় দুই  কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আনন্দপুর এলাকায় একটি মালিকবিহীন হায়েস মাইক্রোবাস শনাক্ত করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক মোট বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত শাড়িগুলো ও গাড়িটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।