শিরোনাম

বরিশাল, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলা শহরে একটি বসত বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে গুরুতর আহত হয়েছেন।
আহত বাবা মানিক ও তার ছেলে মৃদুলকে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার ভোরে নগরীর ২৩ নং ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদ সংলগ্ন একটি ৩ তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের নিচ তলার দরজা জানালা উড়ে গেছে।
ভবনের বাসিন্দা আল-আমিন হাওলাদার ও সুমাইয়া জানিয়েছেন, ২৩নং ওয়ার্ডের মসজিদের পাশেই ৩ তলা ভবনের নিচ তলায় ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ বিস্ফোণের শব্দ শোনা যায়। এতে আমরা সবাই হতভম্ব হয়ে যাই। ভয়ে দ্রুত বাসা থেকে বের হয়ে যাই। বিস্ফোরণের কারণে ভবনের নিচতলার দরজা, জানালা ভেঙ্গে উড়ে গিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে সব কটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বাসায় থাকা বাবা ও ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন সিকিউরিটি গার্ডের চাকরি করা বাবা মানিক ও তার ছেলে মৃদুল।
বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বাসসকে বলেন, ঘটনাস্থলে পুলিশের দুটি টিম রয়েছে। বিস্ফোরণে বাবা ও ছেলে আহত হয়েছে। ধারনা করা হচ্ছে গ্যাস সিলন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।