বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ২০:০২

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা, ১৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শার্ট পিস ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা, মাদরা ও কালিয়ানী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থান হতে ভারতীয় শার্ট পিস, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার একই স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়া, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ৪৬ হাজার  টাকা।
 
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।