শিরোনাম

হবিগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৬ (বাসস) : বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত জেলার চুনারুঘাট উপজেলার পীরের বাজারে আজ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী বৈশাখী গ্রামীণ মেলা।
স্থানীয়ভাবে 'বান্নি' নামে পরিচিত এ মেলা বুধবার সকালে শুরু হয়েছে, শেষ হবে রাতে।
এ মেলার মূল আকর্ষণ কৃষিপণ্যের বিশাল সমাহার। মেলায় পাওয়া যাচ্ছে লাঙল, জোয়াল, দা, কাঁচি, মই, মাছ ধরার সরঞ্জামসহ অসংখ্য কৃষি উপকরণ। এ ছাড়াও মাটির তৈরি হাঁড়ি-পাতিল, খেলনা ও হস্তশিল্পসহ বিভিন্ন পণ্যের ছিলো চোখধাঁধানো উপস্থিতি।
মেলার দোকানিদের সঙ্গে আলাপকালে তারা বলেন, প্রতিবছর বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা কৃষিপণ্য নিয়ে এ মেলায় অংশগ্রহণ করেন। শুধু হবিগঞ্জ নয়, ঢাকা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এমনকি উত্তরবঙ্গ থেকেও বিক্রেতারা অংশ নিয়েছেন এ ঐতিহ্যবাহী আয়োজনে।
মেলার আয়োজক কমিটির সদস্যরা জানান, এ মেলা মূলত কৃষকদের জন্য। এখান থেকে প্রয়োজনীয় কৃষিপণ্য সংগ্রহ করতে বিভিন্ন জেলার হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বাসসকে বলেন, এ মেলায় ('বান্নি') অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসেছেন। মেলা চলাকালীন নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, শত বছর আগে এ মেলা শুরু হয়েছিল ছোট পরিসরে পূজা আয়োজনের মাধ্যমে। পরে তা বৃহৎ মেলায় রূপ নেয়। স্থানীয়সহ অনেকেই শৈশবের স্মৃতি রোমন্থন করতে এ মেলায় আসেন, স্মৃতিচারণ করেন সোশ্যাল মিডিয়ায়। দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় পরিবেশিত হচ্ছে গ্রামবাংলার আবহমান সাংস্কৃতিক অনুষ্ঠানও।
চুনারুঘাটের এ বৈশাখী মেলা শুধু একটি উৎসব নয়, বরং এটি এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও কৃষিভিত্তিক জীবনের প্রতিচ্ছবি।