শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ১৫ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার দেবিদ্বার উপজেলায় আজ সিএনজি-চালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষে এক নারী ও তার শিশুপুত্র নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর আনুমানিক পৌঁনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের বাসিন্দা ও জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে সিএনজি-চালিত অটোরিকশা যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন রৌশন আরা বেগম ও তার ছেলে ইয়ামিন সহ পরিবারের অন্য সদস্যরা। পথিমধ্যে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি- চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই রৌশন আরা বেগম নিহত হন। গুরুতর অবস্থায় অন্যদের সাথে রৌশন আরা বেগমের ছেলে শিশু ইয়ামিনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রৌশন আরা বেগমের বাবা তাজুল ইসলাম ও মা মিনু আরা বেগম এবং অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।